মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

আম্মা—
যিনি আমার জন্মদিন গোটা গোটা অক্ষরে মনে রাখতেন। মস্তিষ্কে না কেবল, কলবেও গেঁথে রাখতেন। একটু বড়ো হওয়ার পর যখন বুঝতে শিখি; তখন যা দেখতাম তা হলো— ডিসেম্বর মাস ডুকলেই আম্মা ঘনঘন ক্যালেন্ডার দেখতেন আর খুব খোশমেজাজে থাকতেন। জন্মদিনের দিন যত ঘনিয়ে আসতো আম্মার খোশমেজাজের খুশবু— আমার চারপাশে তত বেশি মৌ-মৌ করত।  যেদিন আমার জন্ম সেদিন আম্মার‌ও 'মা' হিসাবে জন্ম। নতুন পরিচয়ে নতুন পৃথিবীতে প্রজাপতির মতোন পাখা মেলা। সর্বমহলে নতুন পরিচিতি। মায়ের পরিচিতি।
কি উৎসব! কি আমেজ! একজন কন্যারূপে পদার্পণ, আরেকজন মা। স্বাভাবিকভাবেই আম্মার কাছে দিনটি স্পেশাল, শুধু কি স্পেশাল— অনেক দরদের, অনেক মমতারও। 

আম্মা বিশ্বাস করেন— অসংখ্যা মানুষ আমাকে নিঃস্বার্থে ভালোবাসে। স্মরণ করে। আমি খুব ভয় পাই এসব ভালোবাসায়, এসব মমতায়। আমি খেই হারিয়ে ফেলি। কিছু বলার থাকলেও বলতে পারিনা। প্রকাশ করতে পারি না। সব ভালোবাসার তো আর প্রতিউত্তর হয় না —তাই না আম্মা?  তাই ফ্যালফ্যাল চোখে শুধু দেখে যাই আর ভাবি মানুষ কত নরম! মখমল কোন্ ছার! হতে পারে হাউয়াই মিঠাইয়ের মতোন।

প্রবাদে আছে না—মানুষ ভালোবাসার কাঙাল। সে যেই হোক না কেন ছলেবলে সে ভালোবাসা চায় এবং ভালোবাসা নিয়ে ভালো থাকতে স্বাছন্দ্য বোধ করে। আমিও চাই আম্মা, তবে আপনার ভালোবাসা। শুধুই আপনার।  আমি আপনারে নিয়াই থাকতে চাই— আমার জীবনের প্রতিটা জন্মদিন, প্রতিটা উৎসব, প্রতিটা হুল্লোড়, প্রতিটা মুহূর্তে। 
বিশ্বাস করেন—আখেরে আপনার চলে যাওয়া আমার কাছে আপনার থেকে যাওয়ার মতোই রঙীন। চান্নিপসর রাতের ঢঙে ফকফকে রঙীন। 

দ্যাখেন— আজকে কতশত মানুষ ইনবক্সে  শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে। কিন্তু কেউ আপনার মতোন 'প্রথম' হতে চায়নি। প্রথম শুভেচ্ছা জানিয়েছে এটা নিয়ে আমার সাথে তর্কালাপে জড়ায়নি। কেউ না। 

আম্মা প্লিজ— দিনটা শেষ হওয়ার আগে দ্রুত 'হ্যাপি বার্থডে; আমিই প্রথম' —বইলা আপনার শুভেচ্ছাবার্তা পাঠান ; সাথে বেনামি অর্কিডের তোড়াটাও। আমি অপেক্ষায় আছি। 
শুনেন; আজকে পাঠান, কালকে পাঠান বা পরশু পাঠান—আমার কাছে আপনিই প্রথম। 
আপনার বার্তার পর সবার বার্তা কাউন্ট করবো। আপনি কোনোদিন দ্বিতীয় না। প্রথম। প্রথমই। আপনাকে কদমবুসি, আম্মা। 

৭/১২/২০২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রমজানে মী-টাইম, উই-টাইম বের করা খুব টাফ ছিলো। রমজানের একটা ব্যস্ততা তো থাকেই তার সাথে সাথে সবার অফিসের কাজের চাপ। সবমিলিয়ে আমরা একসাথে থাকলে...