সারাদিন এক নাগাড়ে গুড়িগুড়ি বৃষ্টি। বাঙ্গালী মধ্যবিত্ত পরিবারগুলোর মানুষেরা হয়তো রাতের খাবারটা খুব আয়েশ করে আরামসে, পরিবারের সবাইকে নিয়ে একসাথে খেতে পছন্দ করে।
আমাদের কর্পোরেট বাসায় সেই নিয়মই চলে। খেতে খেতে রাষ্ট্রীয় সব আলাপ চলে, চলে রাজনৈতিক কথাবার্তাও। বেকারদের সাথে চলে চাকরি নিয়ে আলোচনা, পড়ুয়াদের সাথে চলে পড়াশোনার সিরিয়াস কথাবর্তা। ফাঁকেফাঁকে সংলাপের মতো উঠে আসে- খেলাধুলা থেকে হেঁশেল, গণপরিষদ থেকে আবহাওয়া, সূর্যোদয় থেকে সূর্যাস্ত।
খেতে খেতে আচমকা মনে পড়ল,
বিস্রস্ত জর্নালে আবদুল্লাহ আবু সায়ীদ স্যার লিখেছিলেন- জীবনে সমস্যা আর সংগ্রামের সঙ্গে যে যুদ্ধ করে সে নায়ক। ভিলেন সে, যাকে এটা করতে হয় না।
খাবার টেবিলে চুপিসারে একজনের সাথে দীর্ঘ আলাপ। যিনি নায়ক হয়ে ভাসছিলেন আমার চোখের সামনে। সাক্ষাত নায়ক। আব্বু। আমাদের চোখেরসুখ, আমাদের নায়ক।
আসলে, মানুষ তার যাপিত জীবন থেকে যা শেখে পুঁথিগত বিদ্যা তা শেখায় না। কোনদিন না।
০৭/০৮/২১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন